পারস্য উপসাগরে নেই কোনো মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:৪১ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র কমান্ডার মোহেব্বি দাবি করেছেন, বর্তমানে পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান করছে না।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ইরানের হুমকি: উড়োজাহাজ বদলের কথা স্বীকার ট্রাম্পের

কমান্ডার মোহেব্বির দাবি, ইরান-যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধের আগে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ থেকে ৪০টি যুদ্ধজাহাজ মোতায়েন ছিল। তবে বর্তমানে ওই অঞ্চলে একটি মার্কিন যুদ্ধজাহাজও নেই বলে দাবি করেন তিনি।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে আবারও কোনো হুমকি তৈরি হলে এর প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। লাখ লাখ মাইলজুড়ে বিস্তৃত বিদ্যুৎ সঞ্চালন লাইন, হাজার হাজার বিদ্যুৎকেন্দ্র, আমেরিকান ও অন্যান্য দেশের বিভিন্ন ব্যবস্থা এবং ইন্টারনেটের সঙ্গে যুক্ত বৈশ্বিক অবকাঠামোও ঝুঁকির মুখে পড়তে পারে।

আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, মার্কিন সামরিক শক্তি একই সময়ে একাধিক রণাঙ্গনে যুদ্ধ পরিচালনার সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সক্ষমতা ক্ষয় হলে তা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়া ও চীনের মোকাবিলায় ওয়াশিংটনের জন্য অতিরিক্ত চাপ ও ঝুঁকি তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তবে পারস্য উপসাগরে বর্তমানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই—ইরানি কর্মকর্তার এই দাবির স্বাধীন কোনো যাচাই এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।