যুক্তরাষ্ট্রের ভিত নাড়িয়ে দিতে ইরানের নতুন কৌশল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৯ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে নতুন কৌশলের মাধ্যমে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।

এক বিবৃতিতে তিনি বলেন, চলমান যুদ্ধের পরিস্থিতি নিজেদের অনুকূলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের মরিয়া প্রচেষ্টা ব্যর্থ হবে। একই সঙ্গে ইরানের নতুন কৌশল দেশটির বিরুদ্ধে মার্কিন চাপ মোকাবিলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকেও দুর্বল করে দেবে।

আরও পড়ুন: ভোটেকোশি নদীর বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

এক্সে দেওয়া পোস্টে রেজাই দাবি করেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ সপ্তম মাসে গড়ালেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি। এ কারণে ওয়াশিংটন ও তেল আবিবে উদ্বেগ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান মরিয়া তৎপরতা তাদের তৈরি করা সংকট থেকে বের করে আনতে পারবে না। বরং যুদ্ধক্ষেত্র, কূটনীতি এবং অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় ইরান যে নতুন কৌশল গ্রহণ করেছে, তা শিগগিরই যুক্তরাষ্ট্রের ভিত্তি নড়িয়ে দেবে।

আরও পড়ুন: ইরানকে সমর্থন পুতিনের, পশ্চিমাদের দিলেন কড়া বার্তা

তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, সামরিক অভিযান, কূটনৈতিক তৎপরতা এবং অর্থনৈতিক প্রতিরোধ—এই তিন ক্ষেত্রকে সমন্বয় করে নতুন কৌশলে এগোতে চাইছে তেহরান। এর মাধ্যমে বর্তমান অচলাবস্থা ভেঙে যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করার লক্ষ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের কয়েক দফা প্রাণঘাতী হামলার পর রেজাইয়ের এই মন্তব্য এলো। ওই হামলার জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও ইরানের সেনাবাহিনী অঞ্চলজুড়ে মার্কিন বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরানের ওই কর্মকর্তার বক্তব্যে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন ক্ষয়ক্ষতির কথাও উঠে এসেছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের থাড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি যুদ্ধ চলাকালে মার্কিন রিপার ড্রোন বহরের এক-চতুর্থাংশও হারিয়েছে যুক্তরাষ্ট্র।

অর্থনৈতিক ক্ষেত্রেও ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রেজাই। তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর প্রতিক্রিয়ায় এ সতর্কবার্তা দেন। ওই অভিযানের মাধ্যমে নৌ অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

 সূত্র: প্রেস টিভি