ঘণ্টায় ১২০ কিমি বেগে বাতাস

অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৩৫ পূর্বাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজ্যটির প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আইএমডির তথ্য অনুযায়ী, রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।

আরও পড়ুন: বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত

রাত ১টা ৩০ মিনিটে প্রকাশিত আবহাওয়া বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। তখন এটি ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ছিল।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। বুধবার সকাল পর্যন্ত উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ, আগুন

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া বুধবার সকাল পর্যন্ত স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ১ দশমিক ৫ মিটার উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। বিশেষ করে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের ঝুঁকি বেশি বলে সতর্ক করেছে আইএমডি।