হ্যালোইনে স্পর্শিয়ার অন্যরকম সময়

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৫২ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উৎসবের আমেজে নিজেকে ভিন্নভাবে মেলে ধরলেন ছোটপর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হ্যালোইন উদ্‌যাপনকে ঘিরে কুমড়ার বাগানে ঘুরে বেড়ানোর বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিগুলোতে কখনো কুমড়া হাতে, কখনো মাথার ওপর কুমড়া রেখে আবার কখনো ভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে অভিনেত্রীকে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন স্পর্শিয়া। সেখানে দেখা যায়, নিউইয়র্কের লং আইল্যান্ডের মেলভিল এলাকার একটি ফার্মে সময় কাটাচ্ছেন তিনি।

আরও পড়ুন: চুক্তি ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগ, বিপাকে শরীফুল রাজ

শেয়ার করা ছবির একটিতে মাথার ওপর কুমড়া রেখে দুই হাত ছড়িয়ে পোজ দিয়েছেন স্পর্শিয়া। চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য কমলা রঙের কুমড়ার মধ্যে তার এমন উপস্থিতি ছবিতে যোগ করেছে উৎসবের ভিন্ন আমেজ। অন্য একটি ছবিতে গাড়ির ভেতর থেকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে। এ সময় কপালের কাছে সাদা রঙে শিংয়ের মতো নকশাও এঁকেছিলেন অভিনেত্রী।

পোশাকেও ছিল শীতের আবহ। সাদা জ্যাকেট ও সোয়েটারে বেশ সাদামাটা সাজে ধরা দিয়েছেন তিনি। কুমড়ার বাগানের পাশাপাশি ছবিতে জায়গা পেয়েছে ‘হ্যাপি হ্যালোইন’ লেখা সাজানো বোর্ড, পাপেট এবং সূর্যমুখী ফুলের বাগানের দৃশ্যও।

আরও পড়ুন: আজ ‘বাকের ভাই’ এর জন্মদিন

ছবিগুলোর সঙ্গে স্পর্শিয়া ক্যাপশনে লিখেছেন, ‘পাম্পকিন প্যাচ ডে’। তার শেয়ার করা মুহূর্তগুলোতে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে প্রচলিত একটি আয়োজনের চিত্র।

মূলত শরৎকালে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বসে কুমড়ার বাগানের আয়োজন, যা পরিচিত ‘পাম্পকিন প্যাচ’ নামে। এসব বাগানে বিভিন্ন আকার ও রঙের কুমড়া সাজিয়ে রাখা হয়। সেখানে দর্শনার্থীরা ঘুরে বেড়ানোর পাশাপাশি ছবি তোলেন এবং পছন্দের কুমড়া বেছে নেন।

হ্যালোইন উৎসবের অন্যতম পরিচিত অনুষঙ্গ কুমড়া দিয়ে তৈরি ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’। এ প্রথায় কুমড়া খোদাই করে চোখ, নাক ও মুখের আকৃতি তৈরি করা হয়। পরে এর ভেতরে আলো জ্বালানো হয়। উৎসবের এই ঐতিহ্যকে ঘিরেই সাজানো হয় কুমড়ার বাগানগুলো। নিউইয়র্কের এমনই এক আয়োজনে স্পর্শিয়ার ঘোরাঘুরির ছবিগুলো ভক্তদের সামনে তুলে ধরেছে তার উৎসবমুখর সময়ের কিছু মুহূর্ত।