ইরানের টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচতে পাঁচ নির্দেশনা প্রচার

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪১ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হঠাৎ করেই পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায় নিয়ে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করা হচ্ছে। সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণের পরিস্থিতিতে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, সে বিষয়ে নাগরিকদের পাঁচটি পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রচারিত এসব নির্দেশনায় বিস্ফোরণের সময় করণীয়, নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং তেজস্ক্রিয় পদার্থ থেকে সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

নির্দেশনাগুলো হলো—

১. বিস্ফোরণের দিকে তাকাবেন না

আরও পড়ুন: রাফিনহার জোড়া গোলে বার্সেলোনার দাপুটে জয়

পারমাণবিক বিস্ফোরণ হলে সরাসরি সেদিকে তাকানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিস্ফোরণের পরপরই শক্ত কোনো কাঠামোর আড়ালে আশ্রয় নিতে হবে। এ সময় নিচের দিকে মুখ করে শুয়ে থাকতে হবে, যতক্ষণ না বিস্ফোরণের ধাক্কা বা তরঙ্গ কেটে যায়।

২. বিস্ফোরণের পর নিকটস্থ ভবনে আশ্রয় নিন

বিস্ফোরণের ধাক্কা কেটে গেলে দ্রুত নিকটস্থ কোনো ভবনের ভেতরে প্রবেশ করতে হবে। জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে। বাইরে অবস্থান করা কিংবা বিস্ফোরণের ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়েছে। গাড়িকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে।

৩. শরীর থেকে তেজস্ক্রিয় কণা পরিষ্কার করুন

শরীরে তেজস্ক্রিয় পদার্থের কণা লেগে গেলে কুসুম গরম পানি ও সাবান দিয়ে তা ধুয়ে ফেলতে হবে। এ ক্ষেত্রে কন্ডিশনার ছাড়া সাধারণ শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গোসলের সুযোগ না থাকলে মুখ, হাত ও শরীরের খোলা অংশগুলো পানি দিয়ে পরিষ্কার করতে হবে।

৪. অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়স্থলে থাকুন

পারমাণবিক বিস্ফোরণের পর অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে। এ সময় শুধু বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

৫. আশ্রয়স্থল ছাড়ার আগে সরকারি নির্দেশনা অনুসরণ করুন

২৪ ঘণ্টা পার হলেই পরিস্থিতি নিরাপদ হয়ে গেছে—এমন ধারণা করে আশ্রয়স্থল থেকে বের হওয়া যাবে না। বাইরে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে। তবে আশ্রয় নেওয়া ভবনে আগুন লাগা বা ধসে পড়ার আশঙ্কা থাকলে দ্রুত অন্য নিরাপদ ভবনে যেতে হবে।

 সূত্র: এনডিটিভি