প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন, কেন্দ্রে নতুন নির্দেশনা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’–এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি সকালে নয়, বিকেলে অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওইদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত প্রার্থীদের নিজ নিজ জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষার্থীদের দুপুর ২টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সংক্রান্ত তথ্য প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে যেসব প্রার্থী প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তারা সেই প্রবেশপত্র ব্যবহার করেই লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। যেসব প্রার্থী এখনো প্রবেশপত্র ডাউনলোড করেননি, তারা admit.dpe.gov.bd ওয়েবসাইটে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ড ও পাসের সন ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি (এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশনাসহ পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রবেশপত্রেই উল্লেখ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।
প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী।





