সাবেক প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন মারা গেছেন
সাবেক প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন মারা গেছেন। রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সাবেক প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের মৃত্যুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
আগামী মঙ্গলবার ( ২৬ নভেম্বর) বাদ জোহর বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ওই জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
সাবেক প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং পরবর্তী সময়ে ১৯৮১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
তিনি ১৮ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ১১ জানুয়ারি ২০০১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগদান করেন।
আরও পড়ুন: প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
মোঃ রুহুল আমিন বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ১ মার্চ ২০০৭ সাল থেকে ৩১ মে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ আইনের জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।





