আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যার মামলায় অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার অদূরে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। বুধবার (১৩ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন ও পাটোয়ারী এম মাহাদী হাসান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।
আরও পড়ুন: দুদকের মামলায়ও জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
এর আগে গত ৭ আগস্ট রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষ সময় প্রার্থনা করলে এক সপ্তাহের মঞ্জুরি দিয়ে আজকের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল।
মামলার মোট আসামি ১৬ জন, এর মধ্যে আটজন গ্রেপ্তার আছেন এবং আদালতে হাজির করা হয়। তারা হলেন—সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ডিবি উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।
আরও পড়ুন: পদত্যাগ করা প্রসিকিউটরের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
পলাতক আসামিদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা ও আরও ছয়জন। তাদের পক্ষে দুইজন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।





