অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে করা রিট খারিজ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে
এর আগে গত রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের শাসনকাল নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আরও পড়ুন: এমপি সরোয়ার আলমগীরের সংসদে যোগদানে বাধা নেই: আপিল বিভাগ
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আইনজীবী এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা আদালতে তুলে ধরেছেন। তিনি বলেন, ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছিল, যাতে ভবিষ্যতে কোনো সরকার বিষয়টি উপেক্ষা করতে না পারে।
রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, গত ১৮ মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছিল। তদন্ত কীভাবে পরিচালিত হবে, সে সিদ্ধান্ত সরকারের ওপরই ছেড়ে দেওয়ার কথা রিটে উল্লেখ করা হয়।
গত শুনানিতে অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষ থেকে নির্দেশনা জানাতে সময় নিয়েছিলেন। তবে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।





