হামে শিশুমৃত্যুর ঘটনা

ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হামের প্রাদুর্ভাবে এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল ইসলাম এ আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে অন্য আসামিরা হলেন—স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন

আবেদনে সিরাজুল ইসলাম উল্লেখ করেন, তার ৯ মাস বয়সী মেয়ে সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি ঘটে।

তিনি আরও দাবি করেন, সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় তার মেয়ে টিকা নিতে পারেনি। ফলে হামে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। তাদের দায়িত্বে অবহেলার কারণেই দেশে শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া, এসব কর্মকাণ্ড রাষ্ট্রের জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকের জীবন রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে অবহেলার শামিল বলেও মামলার আবেদনে দাবি করা হয়েছে।