দেশজুড়ে বইছে শীতের আমেজ
- চায়ের দোকানগুলোতে খোশগল্পে জমে উঠছে শীতের আড্ডা
- শীতের আগমনে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষ
- শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডা,জ্বর ও গলা ব্যথা
- ঢাকায় শীতের আমেজ, সকালে তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি
- উত্তরের জনপদ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি
- কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, বাড়ছে গলা ব্যথা-জ্বর
রাজধানী ঢাকাসহ সারা দেশেই জেঁকে বসেছে শীত ও কুয়াশা। এদিন ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস আর ঠান্ডা বাতাসে দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হচ্ছে মৃদুল শীতের বার্তা। দিন যত গড়াচ্ছে,ততই বাড়ছে শীতের অনুভূতি। সন্ধ্যা ও রাতের দিকে ঠান্ডার মাত্রা বেশি অনুভূত হচ্ছে। শীতের এই আগমনে চায়ের দোকানগুলোতে খোশগল্পে জমে উঠছে শীতের আড্ডা। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন দরিদ্র ও ছিন্নমূল মানুষ। সর্বশেষ রাজধানীতে তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি। উত্তরের জনপদ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। এরইমধ্যে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডা,জ্বর ও গলা ব্যথা। এতে হাসপাতালগুলোতে বাড়ছে রোগির সংখ্যাও। এককথায় বলতে গেলে দেশজুড়ে বইছে শীতের আমেজ।
জানা গেছে, গতকাল বুধবার ভোরের দিকে অনেক এলাকায় ঘন কুয়াশার দেখা মিলছে। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গ্রামবাংলার মাঠ-ঘাট, ফসলের জমি ও পথঘাট। সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশির প্রকৃতিতে যোগ করছে ভিন্ন সৌন্দর্য। শীতের আগমনে গ্রামাঞ্চলে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিও শুরু হয়েছে। পাশাপাশি বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন নানা ধরনের সবজি। শীতের আমেজে বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। এদিন সকালে ঘর থেকে বের হতে অনেকেই গরম কাপড় ব্যবহার করছেন। চায়ের দোকানগুলোতে বাড়ছে মানুষের ভিড়। ধোঁয়া ওঠা এক কাপ চা আর খোশগল্পে জমে উঠছে শীতের সকাল ও সন্ধ্যা। অন্যদিকে শীতের পোশাক কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠছেন অনেকে। তবে শীতের আগমনে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন দরিদ্র ও ছিন্নমূল মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারগুলোকে বাড়তি কষ্ট সহ্য করতে হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি এ সময়ে বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। শুধু তাই নয়, শীতকে ঘিরে পিঠাপুলি, খেজুরের রস, শীতকালীন সবজি আর কুয়াশামাখা সকাল—সব মিলিয়ে শীত বাঙালির জীবনে নিয়ে আসে এক অন্যরকম অনুভূতি লক্ষ করা যাচ্ছে। তবে শীতের সৌন্দর্যের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসবে বলে মনে করছেন নাগরিক সমাজ।
আরও পড়ুন: সারাদেশে তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, বৃষ্টির পূর্বাভাস দুই বিভাগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। এদিন সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ। এদিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে দেখা গেছে। রাজধানীতে আজ বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।
উত্তরের জনপদ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি: এদিন সকালের মিষ্টি রোদ উঠলেও উত্তরের হিমেল হাওয়ায় যেন শীতের আমেজ আরও জাঁকিয়ে বসেছে। হিমালয়ের কাছাকাছি থাকা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারদ নেমে এসেছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে—যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। রোদের ঝিলিক গায়ে মাখলেও ঠান্ডা বাতাসের দাপটে শীতের অনুভূতি খুব একটা কমছে না। বুধবার এ তথ্য জানান তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়। তিনি বলেন, এদিন সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য উঠেছে। তবে হিমেল বাতাসের কারণে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোরের হিমশীতল হাওয়া গায়ে জড়িয়েই জীবিকার তাগিদে বের হতে হচ্ছে শ্রমজীবী ও দিনমজুরদের—কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই শুরু হচ্ছে তাদের প্রতিদিনের ছুটে চলা। এখানকার মানুষের কথায়, বেশ কয়েক দিন ধরে সন্ধ্যা নামতেই যেন শীতের চাদর বিছাতে শুরু করে চারপাশে। সারা রাত বয়ে যাওয়া হিমেল বাতাসে ভোর আর সকালের দিকে শীতের কামড় আরও তীব্র হয়ে ওঠে। তবে বেলা গড়িয়ে রোদের তেজ বাড়লে ধীরে ধীরে কমে আসে সেই জবুথবু ভাব, ফেরে খানিকটা স্বস্তি।
আরও পড়ুন: ছয় বিভাগে বৃষ্টির আভাস, রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, বাড়ছে গলা ব্যথা-জ্বর: কয়েক দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গতকাল বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন, তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কৃষক কাচুয়া মিয়া (৭০) বলেন, শীতের কারণে জমিতে নিরানি করতে পারছি না। কনকনে ঠান্ডায় হাত পা জমে যায়। তাই আজ জমিতে যাইনি।চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, হামরা গরিব মানুষ, কামোত না গেইলে খামো কী। এ্যালাও ছাওয়া-পায়ের জন্য কাপড় কিনব্যার পাই নাই, টাকা নাই। ঠান্ডা তো বাড়ব্যার লাগছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে আসা রবিউল ইসলাম (৩৪) বলেন, ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা, জ্বর আছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছি, এখনো ভালো হচ্ছে না। তবে কুড়িগ্রাম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: আল আমিন মাসুদ জানান, ঠান্ডা জনিত কারণে শিশুরা ডায়রিয়া নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ভ্যানচালক আমজাদ হোসেন (৫৫) বলেন, সকাল বেলা ভাড়া নিয়ে শহরে আসছি খুব কষ্ট করে। হাত-পাও সিঁটে লাগি আইসে।
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডা,জ্বর ও গলা ব্যথা: শীতে দেশের বিভিন্ন জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়ারিয়ার প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্করা এসব রোগে আক্রান্ত হচ্ছে বেশি। রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। অনেক জায়গায় শয্যা সংকটে মেঝে ও বারান্দায়ও দেওয়া হচ্ছে চিকিৎসা। কুষ্টিয়ায় প্রতিদিনই গড়ে ১০ থেকে ১৫ জন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। শীতের কারণে ডায়রিয়ার প্রকোপ বাড়ায় হাসপাতালটিতে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। রোগীর চাপ বাড়ায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। সাতক্ষীরা সদর হাসপাতালে প্রতিদিন শীতজনিত নানা রোগে আক্রান্ত অন্তত ৬ থেকে ৯ শিশুকে ভর্তি করা হচ্ছে। জেলার শিশু হাসপাতালে প্রতিদিন অন্তত ১২ থেকে ১৬ শিশু ভর্তি হচ্ছে। প্রচণ্ড ঠান্ডায় ফরিদপুরেও বেড়েছে রোগ-বালাই। গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার রোগী। শয্যা সংকট সহ নানা অব্যবস্থাপনায় ক্ষুব্ধ রোগীর স্বজনেরা। ভোলায় গত সাত দিনে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ শতাধিকের বেশি শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একইভাবে রোগীর চাপে হিমশিম খাচ্ছে দিনাজপুর, হবিগঞ্জের হাসপাতালেও। তবে শিশুদের শীতের পোশাক পরানোর পাশাপাশি বয়স্কদের জন্যও বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসক জয়ন্ত কুমার সরকার বলেন, সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে বেডের সংখ্যার চেয়ে বেশি শিশু বর্তমানে ভর্তি। বয়স্ক ও শিশুদের প্রতি এই শীতে বাড়তি নজর দিতে হবে। শীতজনিত রোগ এড়াতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ারও পরামর্শ চিকিৎসকদের।





