সময় টিভির অর্থ আত্মসাতের মামলা

সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ১২:১২ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) বিজ্ঞাপন বিলের ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান উভয় পক্ষের শুনানি শেষে মামলার নথি পর্যালোচনা করে এ আদেশ দেন।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে আদালতে নালিশি মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের ওমেদার অঙ্কন মণ্ডল।

এর আগে আসামিপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেও আদালত সেই আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত দেন।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর এখতিয়ারবহির্ভূতভাবে ওই মাসের বিজ্ঞাপন বিল মওকুফের নোটিশ জারি করেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সময় টিভির আগস্ট মাসের বিজ্ঞাপন বাবদ আদায় করা ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা কোম্পানির হিসাব বিভাগে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে ই-মেইলের মাধ্যমে অর্থ ও রসিদ বই ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হলেও আসামিরা কোনো জবাব দেননি। থানা মামলা গ্রহণ না করায় বাদী আদালতের শরণাপন্ন হন। আদালত অভিযোগটি আমলে নিয়ে প্রথমে সমন জারি করেন। পরে নির্ধারিত শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।