গরমে ফ্যান বিক্রি বেড়েছে
প্রচণ্ড গরমে ঢাকাসহ সারা বাংলার মানুষ ভুগছে। লোডশেডিং আর প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। লোডশেডিং পরিস্থিতির অবনতিতে বৃদ্ধ মা, বাবা ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন বহু পরিবার প্রধান।
তীব্র দাবদাহে রাস্তাঘাটে চলতে গিয়ে মানুষেরা হাঁসফাঁস করছে। চলাচলকালে গাছের ছায়ায় কিছুটা জিরিয়ে নেয় পথিক।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
যাদের ঘরে বা কর্মক্ষেত্রে এসি নেই, তাদের কাছে এই প্রচণ্ড গরমে সিলিং ফ্যানের বাতাস কিছুই না। একটু বেশি বাতাস পেতে, আরো একটু প্রশান্তির জন্য লোকজন স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান, ছোট ছোট ফ্যানসহ চার্জার ফ্যান কিনতে দোকানে দোকানে ঘুরছে। সামর্থ্য অনুযায়ী ফ্যান কিনছে।
রামপুরা, মালিবাগ ও মগবাজারে বিভিন্ন ফ্যানের খুচরা দোকানে দেখা যায় ক্রেতাদের ভিড়। গরমের কারণে প্রচুর ফ্যান বিক্রি হচ্ছে বলে দোকানিরাও মহাখুশি।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ব্যবসায়ীরা বলছেন, গরম বেশি সঙ্গে লোডশেডিং, এ কারণে চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। এতে চার্জার ফ্যানের সংকট তৈরি হয়েছে এবং দামও বেড়েছে।
ডিফেন্ডার, ভিক্টর, সানকা, মিয়াকো, নোভা ব্র্যান্ডের চার্জার ফ্যান বিক্রি হচ্ছে বেশ। নানা রকম সাইজের এসব চার্জার ফ্যানের দাম ৩ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত চাইছে বিক্রেতা।





