‘ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার নির্দেশ’

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৪ | আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন, ২০ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএম জি টিসিসি)-এর ১৭তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: সম্পর্ক সহজ করতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা

প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। এ জন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোন ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবেন তা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এটা আমাদের কড়া নির্দেশনা।

আরও পড়ুন: পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম বলেন, আগামী ঈদকে সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা এই সেক্টরে কোনো অঘটন ঘটবে বলে আমরা মনে করি না। তাদের সমস্যাগুলো ইতোমধ্যে সমাধান হয়ে গেছে।

তিনি বলেন, যেগুলো সমাধান হয়নি সেগুলো সমাধানের বিষয় আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। আমরা আশা করি আলোচনা ফলপ্রসূ হয়েছে।

তিনি আরও বলেন, সভায় উচ্চস্বরে একটাও কথা হয়নি। আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেছি। তিনপক্ষ মিলে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। আশা করি এ সিদ্ধান্তগুলোর আলোকে আগামী ঈদ শুভ হবে, সুন্দর হবে।

নজরুল ইসলাম চৌধুরী বলেন, পোশাক শ্রমিকদের রেশন দেওয়ার কথা বলা হয়েছে। এটা আমি চেষ্টা করবো। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করলে তিনি এটা গ্রহণ করবেন। আমরা শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি আশা করি, যথাসম্ভব শিগগিরই আমি এটা চালু করবো ইনশাআল্লাহ।