বিভিন্ন দেশের দূতাবাসে নিয়োগ পেলেন প্রশাসনের ১৭ কর্মকর্তা
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৭ জন কর্মকর্তাকে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে শ্রম উইংয়ে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করে সংশ্লিষ্ট দেশে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সিদ্দিকুর রহমানকে মালয়েশিয়ায় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (শ্রম), পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান (যুগ্ম সচিব) জুবাইদা মান্নানকে ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমানকে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম), পরিকল্পনা কমিশনের উপপ্রধান (উপসচিব) এস এম সাইফুর রহমানকে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর (শ্রম), পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মেহরুবা ইসলামকে ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম), সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হাসানকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) আরিফ ফয়সাল খানকে আবুধাবির সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান ফারাহ তানজিলা মতিনকে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক নুর আহমেদ মাছুমকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব মার্জিয়া সুলতানাকে গ্রিসের এথেন্সে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
এ ছাড়া গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (প্রধান উপদেষ্টার কার্যালয়) উপপরিচালক জহির ইমামকে থাইল্যান্ডের ব্যাঙ্ককে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), জ্বালানি উপদেষ্টার সহকারী একান্ত সচিব মাহিদ-আল হাসানকে স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেনকে মিসরের কায়রোয় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম), নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাঈলকে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক এ এইচ ইরফান উদ্দিন আহমেদকে রুমানিয়ার বুখারেস্টে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





