এস আলমের মালিকসহ তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আরও পড়ুন: সম্পর্ক সহজ করতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা
অন্য দুই ভাই হলেন—এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান।
দুদকের উপ-পরিচালক তাহাসিন মোনাবিল হক আদালতে আবেদনে জানান, আসামিরা যোগসাজশে এএম ট্রেডিং নামে একটি ভুয়া প্রতিষ্ঠান সৃষ্টি করে জাল নথি ব্যবহার করে ঋণের নামে ১০৪ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। পরে সেই অর্থ এস আলম সুপার এডিবল ওয়েলের স্বার্থে স্থানান্তর বা পুনর্বিন্যাসের মাধ্যমে ৩৪০ কোটি টাকা মানি লন্ডারিং করেন।
আরও পড়ুন: পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত
অভিযোগে বলা হয়, এ কর্মকাণ্ড দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ধারা ৪(২) ও ৪(৩)-এর আওতাভুক্ত।
দুদক আরও জানায়, তদন্ত চলাকালে আসামিদের গ্রেপ্তারের একাধিক চেষ্টা করা হলেও তারা বর্তমানে বিদেশে পলাতক। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহযোগিতায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।





