শাহবাগে পৃথক স্থানে নারীসহ ৩ মরদেহ তদন্তে পুলিশ
রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক তিনটি স্থান থেকে এক নারীসহ অজ্ঞাতনামা তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫৫ বছর।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় ঈদগাহ ময়দান ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, বৃহস্পতিবার রাতে শাহবাগের পৃথক স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। প্রযুক্তির সহায়তায় তাঁদের পরিচয় শনাক্তে কাজ চলছে।তিন মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা কিংবা শারীরিক দুর্বলতার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রত্যেকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, গত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ফুটপাতে এক নারীর মরদেহ পাওয়া যায়, যার বয়স আনুমানিক ৫৫ বছর। একই সময় জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হবে আনুমানিক ৪০ বছর। এরপর রাত ১২টার দিকে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হবে আনুমানিক ৪০ বছর।
আরও পড়ুন: ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনজনেরই শরীরে পচন ধরেছে। সবাই ভবঘুরে প্রকৃতির। এসব ঘটনায় থানায় তিনটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।





