মেট্রোরেলে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস রেল উপদেষ্টার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবক নিহতের ঘটনায় তার পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের কর্মক্ষম সদস্যকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে মেট্রোরেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করবে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে তাদের ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি নিজে হাসপাতালে গিয়ে তাদের দেখতে যাব।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম (৩০) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।