শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৩১ অক্টোবর) আদালতের নির্দেশ অনুযায়ী জাতীয় দৈনিক ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমকে জানান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম গত ৩০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী পরদিন অর্থাৎ ৩১ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়েরের ক্ষমতা পায়। সেই অনুযায়ী রমনা থানায় মামলা দায়ের করা হয়, যেখানে দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

সিআইডির তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্র চালানো হচ্ছিল। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।

তদন্ত শেষে সিআইডি শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে। এর মধ্যে ২৬১ জন আসামি পলাতক থাকায় আদালত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান আরও জানান, “মামলাটি এখন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অন্তর্বর্তীকালীন সরকারের বিচার এজেন্ডা বাস্তবায়নে সিআইডি সক্রিয় ভূমিকা পালন করছে।”