১২ দলের সঙ্গে সংলাপ আজ, বিএনপির সঙ্গে ইসির বৈঠক দুপুরে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শৃঙ্খলাপূর্ণ ও স্বচ্ছ করতে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। আজ (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি বিএনপি, জামায়াতসহ ১২টি দলের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবে।
সংলাপের প্রথম ধাপে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) অংশগ্রহণ করবে।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
এরপর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর সঙ্গে মতবিনিময় করা হবে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সপ্তাহে ইসি দুই ধাপে ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
বর্তমানে দেশে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল আছে।
নির্বাচন কমিশন আশা করছে, এসব সংলাপের মাধ্যমে ভোটের পূর্বপ্রস্তুতি আরও শক্তিশালী ও স্বচ্ছ হবে এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মতামত সরাসরি তুলে ধরতে পারবে।





