আর ১০ সেকেন্ড স্থায়ী হলে ঢাকায় বড় বিপর্যয় হতো: রাজউক চেয়ারম্যান
রাজধানীতে গত শুক্রবার (২১ নভেম্বর) আঘাত হানা ভূমিকম্প যদি আরও দশ সেকেন্ড স্থায়ী হতো, তবে সমগ্র ঢাকায় বড় ধরনের বিপর্যয় নেমে আসত বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) সকালে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় রেলিং ভেঙে তিনজন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
রাজউক চেয়ারম্যান বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সবচেয়ে জরুরি। এরপর ঝুঁকিপূর্ণ ভবনের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হবে।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
তিনি আরও জানান, সরকারি স্কুল, কলেজ ও হাসপাতালের ১৪২টি ভবন বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ভবনগুলোর ঝুঁকি সম্পর্কে রাজউকের কাছে এখনও সুনির্দিষ্ট তথ্য নেই।
রিয়াজুল ইসলাম জানান, পুরান ঢাকার রেলিং ভেঙে পড়া ভবনটির মালিকের কাছে ভবনের নকশা অনুমোদনসহ সব প্রাসঙ্গিক নথি প্রদানের অনুরোধ করা হয়েছে। সাত দিনের মধ্যে নথি জমা না দিলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে





