আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে না পারলেও বল হাতে অসাধারণ দাপট দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ২০১৮ সালের নারী এশিয়া কাপের চ্যাম্পিয়নরা।

বি গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে মাত্র ১০৩ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রানের বেশি করতে পারেনি আমিরাত। ফলে ৩৪ রানের জয় নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে তারা। এর আগে গ্রুপ পর্বে ইন্দোনেশিয়াকেও হারিয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন: পাকিস্তানের হয়ে কাজ করতে ‘ভয় পান’ বাংলাদেশের স্পিন বোলিং কোচ

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৮ রানে দুই উইকেট হারানোর পর জুরাইরা ও নিগার সুলতানার ২৯ রানের জুটি দলকে কিছুটা সামলে নেয়। তবে এরপর আবারও দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একপর্যায়ে ৫৫ রানেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি।

সেখান থেকে শারমিন ও নাহিদার ৪২ রানের জুটি বাংলাদেশকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়। শারমিন ৩১ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। নাহিদার ব্যাট থেকে আসে ১৬ রান। আর টপ অর্ডারে নিগার সুলতানা করেন ২৩ রান। আমিরাতের হয়ে সুরক্ষা কোট্টে নেন তিন উইকেট।

আরও পড়ুন: হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে চাপে পড়ে আমিরাত। বিশেষ করে মারুফা আক্তারের সুইং সামলাতে পারেননি প্রতিপক্ষের ব্যাটাররা। ইনিংসের চতুর্থ বলেই অধিনায়ক এশা ওঝাকে দুর্দান্ত ইনসুইঙ্গারে বোল্ড করেন তিনি। পরের ওভারে ওয়ান-ডাউনে নামা সামাইরা ধরনীধরকাকেও ফেরান মারুফা।

পাওয়ার প্লেতে তিন ওভার বল করে মাত্র ছয় রান দেন মারুফা। প্রথম ছয় ওভার শেষে আমিরাতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৫ রান। পরে নবম ওভারে বোলিংয়ে ফিরে নিজের চার ওভারের স্পেল শেষ করেন ৯ রান দিয়ে দুই উইকেট নিয়ে।

অন্যদিকে অফস্পিনে আমিরাতের ব্যাটারদের রান তোলার সুযোগ দেননি সুলতানা খাতুন। ১০ ওভার শেষে ৩ উইকেটে ৩৪ রান ছিল আমিরাতের স্কোর। তীর্থা সতীশের বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে।

বল হাতে এরপর জোড়া আঘাত করেন নাহিদা আক্তার। ব্যাটিংয়ে ১৬ রান করার পর বোলিংয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। আর রাবেয়া খান তিন উইকেট তুলে নিয়ে আমিরাতের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রানেই থামে আমিরাত। পুরো ইনিংসে তারা খেলেছে ৭০টি ডট বল। ম্যাচ জয়ের পর বাংলাদেশের বোলাররা একসঙ্গে অভিনব উদযাপনেও অংশ নেন।