ভারত বাংলাদেশ সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে
ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি জানিয়েছে, তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাখ্যান করেছে।
রোববার দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অন্তর্বর্তী সরকার কয়েকটি দাবি তুলে ধরেছিল। এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, ১৪ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে যা বলা হয়েছে, তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত।
আরও পড়ুন: ভাষাশহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা: শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সবসময়ই বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া ভারত কখনোই বন্ধুপ্রতীম বাংলাদেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেবে দেশের অন্তর্বর্তী সরকার।
আরও পড়ুন: নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়লো
এর আগে রোববার বিকালে বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টায় জড়িত। এ সময় ভারত সরকারের কাছে দ্রুততার সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে প্রত্যার্পণের আহ্বান জানানো হয়।
এছাড়া ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশি কর্তৃপক্ষ অনুরোধ করে, রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন ভারতে আশ্রয় না নিতে পারে।
বিবৃতিতে বলা হয়, ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, তার দেশ আশা করছে, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতাও দিতে প্রস্তুত রয়েছে।





