ছায়ানট ভবনে হামলা
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পরিদর্শন, আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেককে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে তিনি ছায়ানট ভবন পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পর্যবেক্ষণ করেন এবং ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন: ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইন চালু হবে: প্রধানমন্ত্রী
পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হচ্ছে। এই ভবনে হামলা চালানো হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও সংস্কার কার্যক্রম শেষ করে প্রতিষ্ঠানটি দ্রুত চালু করার জন্য সরকার সব ধরনের আর্থিক ও প্রশাসনিক সহায়তা দেবে। ছায়ানট পরিচালনা কমিটি এ বিষয়ে আমাদের জানাবে।”
তিনি আরও বলেন, “এই ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছায়ানটের বাইরে বিজিবি ও পুলিশ নিয়োজিত রয়েছে। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে।”
আরও পড়ুন: সিলেটে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা বলেন, “এটি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র। আমাদের আজ কথা বলার ছিল শহীদ ওসমান হাদির শোকের বিষয়ে, কিন্তু কিছু পক্ষ বিষয়টি ঘুরিয়ে দিয়েছে। যারা এই হামলা করেছে তারা বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ চায় না।”
তিনি আরও সতর্ক করে বলেন, “জাতীয় শোকের মুহূর্তে এক শ্রেণীর হঠকারী এই হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। হাদীর মৃত্যুতে কোনো সাংস্কৃতিক সংগঠনে হামলা কেবল ফৌজদারী অপরাধ নয়, এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।”





