ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, ৩৫০ জনের বিরুদ্ধে মামলা
সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, শনিবার (২০ ডিসেম্বর) রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
মামলার এজাহার ও ছায়ানট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ছায়ানট ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ভবনের সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্রসহ তবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে থাকা সরঞ্জামে হামলা চালানো হয়। পাশাপাশি কয়েকটি কক্ষে অগ্নিসংযোগও করা হয়।
ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, হামলা ও অগ্নিসংযোগে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী
ঘটনার পরপরই ছায়ানট ভবন পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরিদর্শনকালে তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠে।





