তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪২ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা অনেকটাই পূরণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে দ্রুত ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

শফিকুল আলম বলেন, বাংলাদেশে বাস্তব অর্থেই কিছু রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তারেক রহমানের দেশে আগমনের মধ্য দিয়ে সেই শূন্যতা পূরণ হবে। তিনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তার দেশে ফেরার প্রভাব নিঃসন্দেহে অত্যন্ত ইতিবাচক হবে।

আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গণতান্ত্রিক উত্তরণের (ডেমোক্র্যাটিক ট্রানজিশন) মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমানের দেশে আগমনের ফলে এই গণতান্ত্রিক উত্তরণ আরও মসৃণ ও সুসংহতভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, তার নিরাপত্তার বিষয়টি বিএনপির পক্ষ থেকেই দেখভাল করা হচ্ছে। এ ক্ষেত্রে তারা সরকারের কাছে যে ধরনের সহযোগিতা চেয়েছে, সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।