গণভোট ও নির্বাচন ঘিরে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
ইসি সূত্র জানায়, সভায় নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সভার কথা জানানো হয়।
আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সমন্বয় সভায় অংশ নিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের মহাপরিচালকরা।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
এছাড়াও সভায় উপস্থিত রয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট ঘিরে মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা এবং একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করাই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য।
সভায় গোয়েন্দা তথ্য বিনিময়, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিতকরণ, ভোটগ্রহণের দিন ও পূর্ববর্তী সময়ের নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।





