সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদানের আশ্বাস দিলো বাংলাদেশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:০৭ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুততর করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনশক্তি রফতানি, পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত এই প্রসঙ্গে জানতে চান, সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট প্রদানের প্রক্রিয়ার অগ্রগতি কেমন। জবাবে উপদেষ্টা জানান, উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাসপোর্ট অধিদফতর এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ করছে। ঢাকা থেকে একটি বিশেষ টিমও পাঠানো হয়েছে যাতে কাজ দ্রুত সম্পন্ন হয়। তবে আবেদনের তুলনায় পাসপোর্ট এনরোলমেন্টের জন্য উপস্থিতির হার কিছুটা কম। বিষয়টি ইতোমধ্যে সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্টারকে জানানো হয়েছে।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

রাষ্ট্রদূত আগামী ৮–১৪ ফেব্রুয়ারি ২০২৬ রিয়াদে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী’ (ওয়ার্ল্ড ডিফেন্স শো)-তে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে উপদেষ্টাকে আমন্ত্রণপত্র প্রদান করেন। তবে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে উপদেষ্টা নিজে উপস্থিত থাকতে পারবেন না এবং উপযুক্ত প্রতিনিধি পাঠানোর প্রতিশ্রুতি দেন।