আইজিপি–ইউনেস্কো বৈঠকে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৫৩ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ বাহারুল আলম বিপিএম মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে ইউনেস্কো বাংলাদেশ অফিস ও সদর দপ্তরের তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ড. সুসান ভাইজ এবং ইউনেস্কো সদর দপ্তরের রুল অব ল অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার মেহদি বেনশেলাহ।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাদার ও গঠনমূলক সম্পর্ক জোরদার, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রতিনিধিদল সাংবাদিকদের নিরাপত্তা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণে ইউনেস্কোর বৈশ্বিক ম্যান্ডেট পুনর্ব্যক্ত করেন। এছাড়া, পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে তথ্য যাচাই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন তারা।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

তারা বলেন, ভুল তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জনস্বার্থ রক্ষা ও সংকট ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

আইজিপি বাহারুল আলম বিপিএম প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা চলতি মাসের মধ্যে সম্পন্ন হবে। এছাড়া, নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

এ সময় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।