নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংসতার ঘটনা, ৫ জন নিহত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত দেড় মাসে দেশে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন এবং প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা ঘটেছে ১৫টি। এছাড়া নির্বাচনী কার্যক্রমে বাধা, হুমকি, ভাঙচুর ও অন্যান্য সহিংসতার বিভিন্ন ঘটনা ঘটেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১২ ডিসেম্বর ২০২৫ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: শবে বরাতের রাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনার মধ্যে- প্রার্থীর ওপর আক্রমণ ১৫টি, হত্যাকাণ্ড ৫টি, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ৮৯টি, প্রচার কাজে বাধা ২৯টি, হুমকি ও ভয়ভীতি ৯টি, নির্বাচনী অফিস/প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি, সংখ্যালঘুদের ওপর আক্রমণ ১টি, অন্যান্য ঘটনা ৭০টি, নির্বাচনী ভীতি বা আক্রমণাত্মক আচরণ ১৬টি, অবৈধ অস্ত্রের ব্যবহার ৩টি।
বিজ্ঞপ্তিতে পূর্ববর্তী নির্বাচনের সহিংসতার পরিসংখ্যানও উল্লেখ করা হয়েছে:
আরও পড়ুন: কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৪): এক মাসে ৫৩৪টি সহিংসতা, আহত ৪৬০, নিহত ৬, একাদশ জাতীয় সংসদ নির্বাচন (২০১৮): ২২ দিনে ৪১৪টি সহিংসতা, আহত ৭৮০, নিহত ২২, দশম জাতীয় সংসদ নির্বাচন (২০১৪): ১২ দিনে ৫৩০টি সহিংসতা, আহত ৩১৫, নিহত ১১৫।
প্রেস উইং জানায়, বর্তমান নির্বাচনে সহিংসতার সংখ্যা পূর্ববর্তী নির্বাচনের তুলনায় কম। তবে এ ধরণের ঘটনা জাতীয় নির্বাচন প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বলে মূল্যায়ন করা হচ্ছে।





