জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করতে সচিবদের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবদের নির্দেশ দিয়েছেন দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে। এই তথ্য জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠক সাড়ে চারটার দিকে শুরু হয়ে প্রায় ১৫ মিনিট চলে।
আরও পড়ুন: আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, “সচিবরা সবাই সরকারি কর্মকর্তা, তারা রাজনীতির অংশ নন। জনগণ জাতীয়তাবাদী দলের ইশতেহার দেখে ম্যান্ডেট দিয়েছে। সেই ইশতেহার যেন জনগণের দোরগোড়ায় পৌঁছায়, সে জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকল সচিবদের অনুরোধ করা হয়েছে। মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করতে বলেছেন। তিনি আমাদের সহযোগিতাও চেয়েছেন।”
তিনি আরও জানান, বৈঠকে শুধু ইশতেহারের বিষয়েই নয়, বরং জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, “জনগণের প্রত্যাশা ইশতেহারেই বলা আছে। এজন্য জনগণ ভোট দিয়েছে ও সমর্থন করেছে। সুতরাং দেশের ভালোর জন্য সচিবরা সরকারকে সহযোগিতা করবেন।”
আরও পড়ুন: ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত
বৈঠকের মাধ্যমে দেশের সরকারি কর্মকর্তাদের দায়িত্ববোধ ও কার্যদক্ষতা বৃদ্ধির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ করা হয়েছে।





