ব্যক্তিগত কারণে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৫ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদরদপ্তরে পাঠান। বিষয়টি নিশ্চিত করে সাজ্জাত আলী সংবাদমাধ্যমকে জানান, মূলত ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

আগামী ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় নয় মাস আগেই তিনি পদত্যাগের আবেদন করলেন। বর্তমানে পুলিশ সদরদপ্তরে পাঠানো তার চিঠিটি প্রক্রিয়াধীন রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর অব্যাহতি কার্যকর হবে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও পদত্যাগপত্র জমা দেন। প্রশাসনের উচ্চপর্যায়ে এ ধারাবাহিক পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

সাজ্জাত আলীর সরে দাঁড়ানোর ফলে ডিএমপির নেতৃত্বে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা রক্ষায় ডিএমপি কমিশনারের পদটি গুরুত্বপূর্ণ হওয়ায় সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি সূত্র বলছে, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই যোগ্য ব্যক্তিদের মাধ্যমে শূন্য পদগুলো পূরণ করা হবে।