আর কখনও মন্ত্রী হব না: গয়েশ্বর চন্দ্র রায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঘোষণা দিয়েছেন, তিনি আর কখনও মন্ত্রিপরিষদে যোগ দেবেন না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মন্ত্রী হব না জেনেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। জীবনের শেষদিন পর্যন্ত আমি আর মন্ত্রিত্ব গ্রহণ করব না।’ সম্প্রতি শপথ অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রিসভায় ডাক পেলে তিনি আগেই তা জানতেন। অনুষ্ঠানে এক কর্মকর্তা তাকে না চিনে আসন ছেড়ে যেতে বলেন এবং এসএসএফ ডাকার হুমকি দেন। এ পরিস্থিতিতে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
বর্ষীয়ান এ নেতা বলেন, তিনি একজন সংসদ সদস্য ও জনগণের প্রতিনিধি। মন্ত্রী হওয়ার চেয়ে সংসদে জনগণের কথা তুলে ধরা এবং আইনের শাসন প্রতিষ্ঠাই তার প্রধান লক্ষ্য। ১৭ বছরের জঞ্জাল এক দিনে দূর করা সম্ভব নয় উল্লেখ করে তিনি পর্যায়ক্রমে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় শিক্ষা ও সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কেরানীগঞ্জের মাদক, যানজট, গ্যাস-বিদ্যুৎ সংকট ও দখল বাণিজ্যসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। গয়েশ্বর চন্দ্র রায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া এবং কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।





