মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: ৮ মার্চ পর্যন্ত ৬ রুটে বিমানের সব ফ্লাইট বাতিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৬ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২৭ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন: দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তারেক রহমান

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানায় এবং যাত্রীদের বিষয়টি অবহিত করার অনুরোধ করে।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে—সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত।

আরও পড়ুন: সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়।

পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আকাশপথের উত্তেজনা কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।