তেজগাঁওয়ে ৪৭ মাথার খুলি উদ্ধার, গ্রেফতার ৪
রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ডিএমপির তেজগাঁও থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) এবং মো. ফয়সাল আহম্মেদ (২৬)।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
পুলিশ জানায়, প্রথমে ৯ মার্চ রাত প্রায় ১টা ৪৫ মিনিটে তেজগাঁওয়ের মনিপুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেও দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
এরপর গ্রেফতারদের দেওয়া তথ্যের সূত্র ধরে বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার আওতাধীন সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের হোস্টেলের একটি কক্ষে অভিযান চালানো হয়। সেখানে মো. ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করে পুলিশ। তার কক্ষ থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকার কবরস্থান থেকে গোপনে কবর খুঁড়ে মানব কঙ্কাল সংগ্রহ করত। পরে সেগুলো বিভিন্ন ব্যক্তির কাছে উচ্চমূল্যে বিক্রি করা হতো।
এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতার আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং আসাদুল মুন্সীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





