জাতীয় সংসদের দর্শক গ্যালারিতে ড. ইউনূস-সেনাপ্রধান-জুবাইদা-জাইমা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবনে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শক গ্যালারিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন চলাকালে দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বহুমুখী চ্যালেঞ্জে সরকার
এ ছাড়া দর্শক গ্যালারিতে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দেখা যায়।
অধিবেশন শুরুর পর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। এতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি নিয়ে তদন্তে কমিটি
প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সকাল থেকেই সংসদ ভবনে তাদের প্রবেশ করতে দেখা যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। প্রায় দেড় বছর পর গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। সেই নিয়ম অনুযায়ী ফল ঘোষণার এক মাসের মাথায় বসেছে নতুন সংসদের প্রথম অধিবেশন।





