ডিজিটাল ক্ষমতায়নে জোর দিতে হবে: ক্র্যাবের ইফতার মাহফিলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ১:৩৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য মন্ত্রণালয় কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষজ্ঞ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বারবার মন্ত্রণালয় পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা গড়ে তোলা কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, আজ একটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করলে পরদিন অন্য মন্ত্রণালয়ে বদলি হয়ে যাওয়ার ফলে নির্দিষ্ট খাতে গভীর জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ সীমিত হয়ে যায়। অথচ কিছু মন্ত্রণালয়ে জনসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ জ্ঞান অপরিহার্য, যা নিয়মিত প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে অর্জন করা প্রয়োজন। বাস্তবে এসব উদ্যোগ যথাযথভাবে গ্রহণ করা হয় না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

রোববার (১৫ মার্চ) রাজধানীর ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়কে নতুনভাবে ঢেলে সাজানোর বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে। প্রধানমন্ত্রী মানুষের অবাধ তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। বর্তমান সময়ে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সুবিধাও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মৌলিক চাহিদা পূরণ হলেও যদি মানুষ ইন্টারনেট ও স্মার্টফোনের সুবিধা থেকে বঞ্চিত হয়, তাহলে নতুন প্রজন্ম তা সহজভাবে গ্রহণ করবে না।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

তিনি আরও বলেন, রাষ্ট্রব্যবস্থার ভেতরে যে কাঠামোগত দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। তথ্য মন্ত্রণালয়কে নিয়মিত ও কার্যকরভাবে সেবা দিতে হলে সরকারের ডিজিটাল ক্ষমতায়ন জরুরি। পাশাপাশি সাইবার ঝুঁকিসহ বিভিন্ন প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলা করে নিরাপদভাবে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে। এজন্য প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন জনবল বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি অবগত হচ্ছেন এবং সেগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। খুব শিগগিরই সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে ওয়েজবোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে জটিলতার বিষয়টি সামনে এসেছে। এটি তথ্য মন্ত্রণালয়ের নাকি শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন—এ নিয়ে স্পষ্টতা না থাকায় বিষয়টি জটিল হয়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, তথ্য মন্ত্রণালয়কে যুগোপযোগীভাবে সংস্কার করা প্রয়োজন। যথাযথ সংস্কার ছাড়া সাংবাদিকদের কল্যাণে কার্যকরভাবে কাজ করা সম্ভব নয়। ক্রাইম বিটে কর্মরত সাংবাদিকদের সমস্যাগুলো তালিকাবদ্ধ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেল।

এছাড়া ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক ও তথ্য) পুজা কুমারী ঝাঁ, সিঙ্গাপুর হাই কমিশনের দ্বিতীয় সচিব (ভিসা ও কনস্যুলার) হিউ কং সিয়াং, ক্র্যাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সংগঠনের সদস্যবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।