ঈদযাত্রা শুরু: টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল, বাড়তি ভাড়ার অভিযোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৪ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৪১ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরু হচ্ছে আজ মঙ্গলবার। সোমবার ছিল সরকারি দপ্তরের শেষ কর্মদিবস। বিকালের পর থেকেই রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করে। সন্ধ্যার পর বিভিন্ন টার্মিনালে উপচে পড়া ভিড় দেখা গেছে।

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাড়তি যাত্রী পরিবহনে গণপরিবহনে আগেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুন: ২০০৬ সালে বাতিল করা ৩৩০ পুলিশ সার্জেন্ট ও এসআই জ্যেষ্ঠতাসহ যোগদানের নির্দেশ

সড়ক, রেল ও নৌ খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও বিভিন্ন টার্মিনাল পরিদর্শন করেছেন। এসব ব্যবস্থার কারণে বড় ধরনের ভোগান্তির অভিযোগ না পাওয়া গেলেও অনেক বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, সোমবার ঢাকা থেকে বাসের বাড়তি ট্রিপ ছেড়ে গেছে। বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়েছে। তবে কিছু ট্রেন নির্ধারিত সময়ের পরে ছাড়ে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাত্রী নিতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি লঞ্চ ছেড়েছে।

আরও পড়ুন: কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটেও সিট না পাওয়ার অভিযোগ

সোমবার রাত ৮টা পর্যন্ত সদরঘাট থেকে ৫৪টি লঞ্চ ছেড়ে যায়। আজ থেকে বিশেষ লঞ্চ ট্রিপ শুরু হচ্ছে। রাজধানীর বছিলা ব্রিজসংলগ্ন ঘাট এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকেও বিশেষ লঞ্চ সার্ভিস চালু হয়েছে।

সরেজমিনে যাত্রাবাড়ী এলাকায় দেখা গেছে, গ্রামের বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ বিভিন্ন যানবাহনে করে বাস টার্মিনালে আসছেন। তবে অনেক যাত্রী বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন। আগে যেখানে ভাড়া ছিল ২২০ টাকা, সেখানে এখন ৩০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে জানান যাত্রীরা।

ঢাকা-কচুয়া রুটের এক যাত্রী বলেন, আগে ২২০ টাকা ভাড়া নিলেও এখন ২৫০ টাকা নেওয়া হচ্ছে। আবার ঢাকা-বরিশাল রুটে আগে ৫৫০ টাকা ভাড়া থাকলেও এখন ৭৫০ টাকা নেওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সোমবার কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় সংশ্লিষ্টদের জরিমানাও করা হয়।

অন্যদিকে ট্রেন যাত্রায় ভিড় থাকলেও আগের বছরের তুলনায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল। তবে কিছু আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ের পরে ছেড়ে যাওয়ায় সময়সূচিতে কিছুটা বিঘ্ন ঘটে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, এবার ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। এতে টিকিটের কালোবাজারি অনেকটাই কমেছে। পাশাপাশি ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্য অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।

এদিকে সদরঘাট এলাকায় পন্টুন সংস্কার ও অবকাঠামোগত প্রস্তুতি নিতে দেখা গেছে বন্দর কর্তৃপক্ষকে। যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন স্থানে জরুরি সেবার হেল্পলাইন নম্বর ও নির্দেশনাও টানানো হয়েছে। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য ট্রলি ও হুইলচেয়ার সেবাও চালু করা হয়েছে।