জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: সালাহউদ্দিন আহমদ
জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তি (ইনডেমনিটি) সংক্রান্ত অধ্যাদেশ সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ অধ্যাদেশগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে। আমরা জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেব।”
আরও পড়ুন: গণমাধ্যমের সহযোগিতায় মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার যে অধ্যাদেশ রয়েছে, সেটি আমরা গ্রহণ করব। পাশাপাশি বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণ করা হয়েছিল, সেগুলো বিলুপ্তির বিষয়টিও আমরা গ্রহণ করব।”
অন্যান্য অধ্যাদেশ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনটি সরাসরি গ্রহণ, কোনটি সংশোধনসহ গ্রহণ এবং কোনটি পরে সংশোধন করা হবে—এসব বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল, ঢাকায় ফিরলেন তথ্য উপদেষ্টা
তিনি জানান, সংবিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ইতোমধ্যে অধিবেশনের কিছু সময় অতিবাহিত হয়েছে, তাই বাকি সময়ের মধ্যেই কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।
মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ কমিটিকে আগামী ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন সংসদে জমা দিতে হবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করেন। পরে সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়।
১৪ সদস্যের এই কমিটির সভাপতি বিএনপির জয়নুল আবেদীন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, সালাহউদ্দিন আহমদ, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মুহাম্মদ ওসমান ফারুকসহ অন্যান্যরা। অসুস্থতার কারণে মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।





