বাংলাদেশ শিশু একাডেমিকে মানুষ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ২:১৯ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, শিশুদের কেবল পড়ালেখায় সীমাবদ্ধ না রেখে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ শিশু একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সূচনা হয়, যা জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিনে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ তাকে আনন্দিত করেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শিশুদের নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন ও কম্পিউটার প্রশিক্ষণের মতো কার্যক্রম তাদের প্রতিভা বিকাশে সহায়ক। এসব কার্যক্রমের মাধ্যমে শিশুদের চিন্তাশক্তি ও ব্যক্তিত্ব গড়ে ওঠে এবং তারা আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে।

আরও পড়ুন: ওসমান হাদি হত্যা মামলা: ভারতে গ্রেপ্তার আসামিদের ফেরাতে অনুরোধ

অভিভাবক ও প্রশিক্ষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, শুধু জিপিএ-৫ অর্জনই লক্ষ্য হওয়া উচিত নয়; বরং শিশুদের মানসিক সুস্থতা, আনন্দময় শৈশব, খেলাধুলা ও নৈতিক শিক্ষা নিশ্চিত করাও জরুরি। তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশে অবহেলা করলে সমাজে মানবিকতার সংকট তৈরি হতে পারে।

পরিবারকে শিশুর বেড়ে ওঠার প্রধান ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, সন্তানদের সঙ্গে অভিভাবকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে এবং ব্যস্ততার মাঝেও তাদের জন্য সময় বের করতে হবে।

শিশু একাডেমিকে আরও কার্যকর করতে শিশুদের মতামত নেওয়া এবং প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি অভিভাবকদের কাছ থেকেও পরামর্শ আহ্বান জানান।

সরকার শিশুদের উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিশু একাডেমির কার্যক্রম সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য একটি স্থিতিশীল কারিকুলাম চালুর কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছাঃ আরজু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।