সুপারহিরো হচ্ছেন আমির খান
বলিউডে নতুন চমক নিয়ে হাজির হতে পারেন আমির খান। এবার ছাত্র, পুলিশ কিংবা কুস্তিগির নয়—সুপারহিরোর চরিত্রে দেখা যেতে পারে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’কে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক আর বাল্কীর সঙ্গে একটি বড় বাজেটের সুপারহিরো সিনেমায় কাজ করার বিষয়ে নাকি আলোচনা চলছে অভিনেতার।
তবে সিনেমাটি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, প্রকল্পটি বর্তমানে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চিত্রনাট্য তৈরির কাজ চলছে। ইতোমধ্যে আমির খানের কাছে ছবিটির প্রস্তাব দেওয়া হয়েছে। অভিনেতাও নাকি সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে ছবিতে চুক্তিবদ্ধ হননি তিনি।
আরও পড়ুন: ২ কোটি বাজেটের সিনেমার ২৮০ কোটির ঝড়, পেছনে যে গল্প
সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, আগামী কয়েক মাস গল্প, চিত্রনাট্য ও কেন্দ্রীয় চরিত্র নিয়ে বিস্তারিত কাজ করবেন নির্মাতারা। বড় বাজেটের এই সিনেমাটি ব্যাপক পরিসরে নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাই গল্পের পাশাপাশি সেট, আবহ এবং সুপারহিরো চরিত্রটির লুক নিয়েও থাকছে বড় ধরনের প্রস্তুতি।
কোনো সিনেমায় অভিনয়ের আগে চিত্রনাট্য নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য পরিচিত আমির খান। গল্প ও চরিত্রে পুরোপুরি সন্তুষ্ট না হলে সাধারণত ক্যামেরার সামনে দাঁড়ান না তিনি। এবারও ছবিটির চিত্রনাট্য নিয়ে নির্মাতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
সবকিছু ঠিকঠাক এগোলে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক আর বাল্কীর সঙ্গে এই প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধবেন আমির। সাজিদের সঙ্গে আমিরের দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও এখনো একসঙ্গে কোনো সিনেমায় কাজ করা হয়নি। ফলে প্রকল্পটি বাস্তবায়িত হলে বলিউডে এটি হতে পারে বেশ আলোচিত এক জুটি।
তবে শেষ পর্যন্ত আমির খান সত্যিই সুপারহিরোর ভূমিকায় পর্দায় আসছেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।





