দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে ১৫টি অঞ্চলে ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে এই ঝড়ো আবহাওয়া দেখা দিতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, দিনের অন্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন: সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ: টিআইবি
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই অবস্থায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।





