আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনায়: জ্বালানি প্রতিমন্ত্রী
ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনার বিষয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার জাতীয় সংসদে হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালে ভারতের আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তিটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞ, আইনজীবী, অর্থনীতিবিদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া আন্তর্জাতিক চুক্তি বিষয়ে অভিজ্ঞ একটি আইনি প্রতিষ্ঠানের মতামতও গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, জাতীয় কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক উচ্চ মূল্যে সম্পাদিত হয়েছিল।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
প্রতিবেদনের আলোকে সরকার এখন দুটি বিষয় বিবেচনা করছে—আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হওয়া অথবা আলোচনার মাধ্যমে আদানি পাওয়ারের সঙ্গে চুক্তির শর্ত পুনঃনির্ধারণ করা।
মন্ত্রী বলেন, দেশের স্বার্থ বিবেচনায় রেখে বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।





