জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগের কোনো কারণ নেই। তিনি সতর্ক করে বলেছেন, অযথা আতঙ্ক ছড়িয়ে পড়লে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
শুক্রবার বিকেলে সিলেট নগরের তোপখানা এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, একজন মানুষের আতঙ্ক অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তবে বাস্তবে এমন কোনো পরিস্থিতি নেই, যার কারণে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
মন্ত্রী আরও জানান, বর্তমানে পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ স্বাভাবিক এবং বিদ্যুৎ ব্যবস্থা ঠিকভাবে চলছে। তিনি প্রশ্ন রাখেন, “পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে, সুইচ চাপলে বিদ্যুৎ মিলছে—তাহলে সমস্যার কারণ কোথায়?”
সরকার পরিস্থিতি দায়িত্বশীলভাবে মোকাবিলা করছে উল্লেখ করে তিনি বলেন, অতীতেও দ্রব্যমূল্যের চাপ সফলভাবে সামাল দেওয়া হয়েছে এবং এতে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ছিল।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের প্রভাবেই দাম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সৌদি আরামকোর নির্ধারিত সিপি এবং প্রিমিয়াম যোগ করে দেশে এলপিজির দাম নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক ক্রুড অয়েলের দাম বৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়ছে।
মন্ত্রী সর্বশেষ সবাইকে সাশ্রয়ী ও সচেতনভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান। এতে আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও হ্রাস পাবে।





