সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রী, আবেগঘন পরিবেশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং মনোযোগ দিয়ে শোনেন জুলাইয়ে তাদের ওপর ঘটে যাওয়া ঘটনা। কারো কাঁধে বা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন তিনি।

রোববার সংসদ অধিবেশনের বিরতির সময় এই ঘটনা ঘটে। সংসদ সচিবালয় জানায়, অধিবেশন দেখতে আসেন মোট ৫৩ জন আহত জুলাই যোদ্ধা। বিরতির আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোরে এমপিদের উদ্দেশে বলেন, “আজ আমাদের সংসদ অধিবেশনে উপস্থিত আছেন আহত জুলাই যোদ্ধারা। আমরা জানি জুলাইয়ে তাদের কী ভূমিকা ছিল। তাদের এখানে আসার জন্য আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই।”

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

এ সময় সরকারি ও বিরোধীদলীয় এমপিরা টেবিল চাপড়ে তাদের স্বাগত জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের বাম পাশে থাকা ভিআইপি গ্যালারিতে উপস্থিত আহত জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে হাত নাড়তে থাকেন। এর কিছুক্ষণ পর নিরাপত্তারক্ষীরা তাদের জানান, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী গ্যালারিতে এসে তাঁদের সঙ্গে দেখা করবেন। এতে যোদ্ধারা উচ্ছ্বসিত হন।

ঘোষণার ৫ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী গ্যালারিতে উপস্থিত হন। এরপর একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। কয়েকজন জুলাই যোদ্ধা তাঁদের অবদানের কথা বলেন, আবার কয়েকজন নারী জুলাই যোদ্ধা কান্নাজড়িত কণ্ঠে দুর্দশার বর্ণনা দেন। এ সময় পুরো গ্যালারি জুড়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

এ সময় গ্যালারিতে আইনমন্ত্রীসহ কয়েকজন হুইপ উপস্থিত ছিলেন।