সন্ধ্যা ৭টার মধ্যে দোকান, মেলা ও বিলবোর্ডের আলো বন্ধের নির্দেশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৫ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকান, শপিংমল, মেলা, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে সোমবার (৬ এপ্রিল) সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে একই বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়।

আরও পড়ুন: সংসদে একদিনে ৭ বিল পাস, উত্থাপন আরও ৩টি গুরুত্বপূর্ণ বিল

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করেন।

একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ডা. জুবাইদা রহমান

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা, সব ধরনের বিলবোর্ডের বাতি বাধ্যতামূলকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও একই সময়ের মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ চিঠির মাধ্যমে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।