মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত চালুতে জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী আমিন
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
মাহদী আমিন বলেন, স্বল্প খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যেন বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি জানান, পুরো প্রক্রিয়াটি সিন্ডিকেটমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মালয়েশিয়া সরকারকে আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন আন্তরিক, তেমনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছেন।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
শ্রমিক পাঠানো কবে শুরু হতে পারে—এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তবে যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে।
মামলা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, যৌথ বিবৃতিতে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে এবং নির্দোষ ব্যক্তিরা ন্যায়বিচার পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো নতুন সিন্ডিকেট তৈরির উদ্যোগ নয়। বরং মালয়েশিয়ার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সব শ্রমপ্রেরণকারী দেশের ক্ষেত্রেই এ ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়। বাংলাদেশও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে যোগ্য ও দুর্নীতিমুক্ত এজেন্সিগুলোকেই গুরুত্ব দিতে চায়।
তিনি আরও জানান, সরকারের লক্ষ্য ধাপে ধাপে অভিবাসন ব্যয় কমানো, বেশি সংখ্যক কর্মীর বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা এবং দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দেওয়া।





