ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণে অভিযানে যাচ্ছে ডিএমপি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৫৬ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার সড়ক ও ফুটপাত দখল করে রাখা নির্মাণ সামগ্রী ও অন্যান্য মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনদুর্ভোগ কমানো এবং যানজট নিরসনের লক্ষ্যে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৩ এপ্রিল) ডিএমপি সদর দপ্তর থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সম্পর্ক সহজ করতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজে ব্যবহৃত সামগ্রী সড়ক ও ফুটপাতে স্তূপ করে রাখছেন। এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

ডিএমপি আরও জানায়, এ ধরনের কার্যক্রম ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬-এর ৬৭, ৬৮, ৭২ ও ১০২ ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৭ ও ৮২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন: পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিগগিরই ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ সময় নগরবাসীকে নিজ উদ্যোগে সড়ক ও ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, একটি শৃঙ্খলাপূর্ণ মহানগর গঠনে সবাইকে আইন মেনে চলতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মালামাল না সরালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সারোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জনস্বার্থে এ কঠোর অবস্থান গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।