আজ থেকে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৩৮ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের পর প্রথম হজ ফ্লাইটটি রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

আরও পড়ুন: ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

এদিকে হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানান, প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, সাউদিয়া এয়ারলাইনসের ৩টি এবং ফ্লাইনাসের ৩টি ফ্লাইট রয়েছে।

আরও পড়ুন: জাহেদ উর রহমানকে দিল্লিতে বাধা, ঘটনাকে দুঃখজনক বললেন পররাষ্ট্রমন্ত্রী

তিনি আরও জানান, চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালনে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন যাত্রা করবেন।

হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিক্যাল টিম সৌদি আরবে পৌঁছেছে।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া এয়ারলাইনস ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।

আগামী ২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট চলবে। এ সময় মোট ২০৭টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।