‘প্রশংসা একটু কম কইরেন’: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের সময় এক রসিক মুহূর্তের সৃষ্টি হয়। বক্তব্য দিতে গিয়ে বারবার প্রধানমন্ত্রীর প্রশংসা করায় তাকে সংযত হতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত এ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীর প্রশংসা করছিলেন। এ সময় প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।” এতে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “খুব প্রশংসা করি নাই যতটুকু আপনি করতেছেন, সামান্যই বলেছি।” পরে বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
তিনি আরও জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
মাঠপর্যায়ের চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নয়ন সরকারের অগ্রাধিকার। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।





